প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ইসলামী শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলি এবং বাংলা ভাষা-সংস্কৃতির বিকাশে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেন্টার কালচারাল মুসলিম কমিউনিটি ফ্রান্স। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের মাতৃভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের সাথে সম্পৃক্ত রাখতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে নানা শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির মক্তবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
রোববার (২৮ জুন) সকালে প্যারিসের অদূরে স্তা এলাকায় অবস্থিত সেন্টারের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কমিউনিটির বিশিষ্টজন ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে সৃষ্টি হয় এক অনন্য মিলনমেলা। শিশুদের উচ্ছ্বাস, অভিভাবকদের আন্তরিকতা এবং অতিথিদের সরব অংশ নেয়ায় পুরো অনুষ্ঠানজুড়ে বিরাজ করে উৎসবের আমেজ।
সেন্টার কালচারাল মুসলিম কমিউনিটি ফ্রান্সের সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং মক্তবের শিক্ষক আরিফের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীরা হামদ, নাত, কোরআন তেলাওয়াত এবং মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। তাদের আত্মবিশ্বাসী উপস্থাপনা ও সৃজনশীল পরিবেশনায় দর্শকদের করতালি বারবার মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে বক্তব্য দেন মক্তবের পরিচালক নুরুল ইসলাম, হিফজ বিভাগের প্রধান শিক্ষক বেলায়েত খানসহ অন্য শিক্ষকরা।
বক্তারা বলেন, ইউরোপে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করার পাশাপাশি মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত রাখা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় মক্তবের শিক্ষা কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।
বক্তারা আরো বলেন, একজন শিশুর সুষ্ঠু বিকাশে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; নৈতিক চরিত্র গঠন, ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক দায়িত্ববোধ এবং সামাজিক সচেতনতা তৈরিতেও ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্য সামনে রেখে মক্তবে নিয়মিত কোরআন শিক্ষা, আরবি ভাষা শিক্ষা, ইসলামী জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা এবং বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী আদর্শে সন্তানদের গড়ে তুলতে অভিভাবকদের আরো সচেতন, দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। একইসাথে সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগও অপরিহার্য।
অনুষ্ঠানের শেষ পর্বে মক্তবের বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকারী এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা তুলে দেয়া হয়। পুরস্কার পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। তাদের হাসিমুখে উৎসবের আবহ আরো প্রাণবন্ত হয়ে ওঠে। সন্তানদের এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেন উপস্থিত অভিভাবকরাও।
সবশেষে, অতিথিরা সেন্টার কালচারাল মুসলিম কমিউনিটি ফ্রান্সের শিক্ষা, ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি তার কার্যক্রম আরো বিস্তৃত করবে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে আরো কার্যকর ভূমিকা পালন করবে।
ছবির ক্যাপশন: সেন্টার কালচারাল মুসলিম কমিউনিটি ফ্রান্স আয়োজিত মক্তবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেয়া শিশু শিক্ষার্থীদের একাংশ।



