রাজধানী মালের মাফান্নু ওয়ার্ডের একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পাশের অন্য আর একটি আবাসিক ভবনের টিনের চালের উপর পড়ে গুরুতর আহত হয়েছেন ৩০ বছর বয়সী হানজালা নামের এক প্রবাসী বাংলাদেশী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬.২০ মিনিটে রাজধানী মালের সবধেলি মাগুতে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রশাসনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার পরপরই খবর পেয়ে ৩০ বছর বয়সী প্রবাসী বাংলাদেশী ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তবে, চিকিৎসকরা তার বর্তমান অবস্থা বা আঘাতের বিস্তারিত জানায়নি।
প্রত্যক্ষদর্শী আহত হানজালার আত্মীয় মালদ্বীপ প্রবাসী সেলিম ও মাসুদ জানান, মাত্র সাত থেকে আটমাস হয় প্রবাসী হানজালা মালদ্বীপে পাড়ি জমিয়েছেন। তিনি মালদ্বীপের একটি বৈধ ক্লিনার কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো গতকালও কর্মস্থলে গিয়ে ছাদে থাকা গাছগুলোতে পানি দিচ্ছিলেন, হাঠাৎ গাছগুলোর সুরক্ষায় একটা দড়ি একপাশ থেকে অন্যপাশে বাঁধার মহুর্তে পা ছিটকে ১০ তলা ভবনের উপর থেকে পাশের অন্য আর একটি আবাসিক ভবনের টিনের চালের উপর পড়ে, টিনের চাল ছিদ্র হয়ে বাসার ভিতরে থাকা সোফায় গিয়ে পড়েন। এ সময় স্থানীয় এবং উদ্ধারকারী টিম এসে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
তারা আরো জানান, হানজালার বর্তমান অবস্থা খুবই আশঙ্কাজনক। তার পরিবারেরও আর্থিক অবস্থাও তেমন ভালো নয়। তাই তারা বাংলাদেশ হাইকমিশন ও সরকারের কাছে হানজালার চিকিৎসার ব্যয়ভার বহন ও দেশে পাঠানোর সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান বলেন, আমরা হাসপাতালে গিয়ে আহত হানজালার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি। এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা এ প্রবাসী ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি। একইসাথে আমরা তার চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছি।
বর্তমানে ঘটনাটি মালদ্বীপ প্রশাসনের তদন্তাধীন রয়েছে।



