মালয়েশিয়ায় প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

কর্মসংস্থানের তাগিদে প্রবাসে থাকা বাংলাদেশীরা যেন ঈদের স্বস্তি ও আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই প্রতিবছর এমন মেলবন্ধনের চেষ্টা করা হয়।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
প্রবাসীদের জন্য খাঁটি বাঙালি খাবারের আযোজন করা হয়
প্রবাসীদের জন্য খাঁটি বাঙালি খাবারের আযোজন করা হয় |নয়া দিগন্ত

সুদূর প্রবাসে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি আর ঈদের আবহকে ধরে রাখতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

দেশটির সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সী মিলেনিয়াম কোম্পানির কর্ণধার মো: অহিদুর রহমানের সার্বিক উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সী মিলেনিয়াম কোম্পানির কর্মকর্তা ও সাধারণ কর্মচারীদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় মালয়েশিয়ার স্থানীয় উচ্চপদস্থ ব্যক্তিত্ব, দাতো ও দাতশ্রীদের (মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের রাজপরিবার বা সরকার কর্তৃক সম্মানজনক খেতাব)। দেশটিতে বসবাসরত বিভিন্ন বাংলাদেশী কমিউনিটির নেতারাও এ মিলনমেলায় অংশ নেন।

প্রায় চার শ’ থেকে পাঁচ শ’ প্রবাসী বাংলাদেশীর স্বতঃস্ফূর্ত অংশ নেয়ায় পুরো অনুষ্ঠানস্থল যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবন ভুলে এমন একটি উৎসবমুখর পরিবেশে মেতে উঠতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ প্রবাসীরা। দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখতে ব্যবসায়ী অহিদুরের এ উদ্যোগকে সাধুবাদ জানান তারা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রবাসীদের জন্য খাঁটি বাঙালি স্বাদের ঐতিহ্যবাহী আপ্যায়ন। ঈদুল আজহার আমেজ ফুটিয়ে তুলতে মেন্যুতে ছিল গরুর গোশত, খাসির গোশতসহ রকমারি ফলমূল এবং হরেক পদের সালাদ। বিদেশের মাটিতে দেশীয় স্বাদের এমন রাজকীয় আপ্যায়নে মুগ্ধতা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

আয়োজকরা জানান, কর্মসংস্থানের তাগিদে প্রবাসে থাকা বাংলাদেশীরা যেন ঈদের স্বস্তি ও আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই প্রতিবছর এমন মেলবন্ধনের চেষ্টা করা হয়। সৌহার্দ্য ও সম্প্রীতির এ আয়োজন আগামীতেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।