২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এবং ক্যাম্পাস পলিসি নেক্সাসের (সিপিএন) উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মাছের পোনা অবমুক্তকরণ উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে প্রায় ৪১২ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সামনে আনন্দ দিঘিতে এ উৎসবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘বর্তমান সরকারের মূল দর্শন হলো- দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে চাষযোগ্য এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না এবং কৃষি ও মৎস্য সম্পদের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ একরের বিশাল জলাশয় আমাদের মৎস্য সম্পদের এক অনন্য সম্ভাবনা, যা এতদিন যথাযথভাবে ব্যবহৃত হয়নি। এই প্রথম সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে বড় আকারের প্রায় ৪১২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যাতে এ সম্পদকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকরভাবে কাজে লাগাতে পারে। আমরা লেকগুলোতে বড় আকারের পোনা অবমুক্ত করেছি, যাতে রাক্ষুসে মাছ এগুলো খেতে না পারে। দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘পরিযায়ী পাখি এবং জলাশয়ে মৎস্য অবমুক্ত করার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থা নেই। এটি একটি সমন্বিত ইকোসিস্টেম, যেখানে পশুপাখি ও মাছ স্বাভাবিকভাবেই সহাবস্থান করে। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই মৎস্য সম্পদের মাধ্যমে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারব এবং শিক্ষার্থীদের আমিষের চাহিদাও পূরণ সম্ভব হবে।’
অনুষ্ঠানের উদ্যোক্তা ও সিপিএনের সংগঠক মেহেদী মামুন বলেন, ‘আমাদের ক্যাম্পাসে ১৮০ একরেরও বেশি জলাশয় রয়েছে। আমরা চাই এসব জলাশয়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য মাছের জোগান নিশ্চিত করতে। একইসাথে লেকগুলোর পানি দূষণমুক্ত রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করাও আমাদের লক্ষ্য।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



