চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলো ব্যতীত দেশের অন্যান্য সকল সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বাকি জেলাগুলোর পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।’

নয়া দিগন্ত অনলাইন
চট্টগ্রাম শিক্ষা বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ড |সংগৃহীত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের আওতাধীন মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও এই তিন দিন স্থগিত থাকবে।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের অনুরোধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের (সকল জেলা) আওতাধীন সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার) তারিখের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।

এতে আরো বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলো ব্যতীত দেশের অন্যান্য সকল সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বাকি জেলাগুলোর পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়। বাসস