কেআইবিতে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু কোনোভাবেই একজন মানুষের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা চালানো গ্রহণযোগ্য নয়।

রাফিউল হুদা, হাবিপ্রবি

Location :

Dinajpur
প্রতিবাদ সমাবেশ
প্রতিবাদ সমাবেশ |নয়া দিগন্ত

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) চাঁদাবাজির প্রতিবাদ করায় ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডা: শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার বিচার দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিভিএম গেইটে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব), বিভিএসএ এবং ভেটেরিনারি অনুষদ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে ​দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভ্যাব হাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মীর রওশন আক্তার, সাধারণ সম্পাদক ডা: কামরুজ্জামান মিঠু, অধ্যাপক ড. নাজমুল হাসান পারভেজ এবং ডা: আহসান হাবিব হেলাল।

সমাবেশে ক্ষোভ প্রকাশ করে ভ্যাব হাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মীর রওশন আক্তার বলেন, ‘ডা: শাহাদাত কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি বাকৃবি ক্যাম্পাস, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন এবং পরবর্তীতে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের মতো গুরুত্বপূর্ণ সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। তার ওপর এমন বর্বরোচিত হামলা আমাদের কল্পনারও অতীত।’

তিনি আরো বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা সবাই দেখেছি কারা এ হামলায় জড়িত ছিল। আমরা হাবিপ্রবি শাখার সকল পেশাজীবী ভেটেরিনারিয়ান, শিক্ষার্থী এবং ছাত্রদলের সদস্যরা একই পতাকার নিচে দাঁড়িয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।’

ভ্যাবের হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক ডা: কামরুজ্জামান মিঠু বলেন, ‘আমরা কোনো আনুষ্ঠানিকতা পালনের জন্য এখানে দাঁড়াইনি, দাঁড়িয়েছি আমাদের ক্ষোভ প্রকাশ করতে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু কোনোভাবেই একজন মানুষের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা চালানো গ্রহণযোগ্য নয়। আমরা এই হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে চার লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদ করায় গত ৪ জুন কেআইবি প্রাঙ্গণে কৃষিবিদ ডা: শাহাদাত হোসেন পারভেজের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। পরবর্তীতে ১৬ জুন হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কৃষিবিদ সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।