বিছনাকান্দিতে গোসল করতে নেমে নিখোঁজ শাবিপ্রবির শিক্ষার্থী

‘শান্ত নিখোঁজ হওয়ার পর প্রায় দুই ঘণ্টা পার হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত (প্রতিবেদন লেখা পর্যন্ত) ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। বর্তমানে স্থানীয় ডুবুরিরা নিজ দায়িত্বে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছেন।’

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
নিখোঁজ শিক্ষার্থী শান্ত বণিক
নিখোঁজ শিক্ষার্থী শান্ত বণিক |নয়া দিগন্ত

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

‎শুকবার (১৫ মে) বিছনাকান্দিতে ব্যাচের সহপাঠীদের সাথে ট্যুরে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনার পর দুই ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হয়নি বলে জানা যায়।

নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত বণিক। তিনি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

একই বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সোহেল রানা বলেন, ‘আমরা অন্য একটি স্থানে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। এসে জানতে পারি, শান্তসহ তিনজন একসাথে জিরো পয়েন্ট থেকে একটু সামনে পানিতে নেমেছিল। বাকি দু’জন নিরাপদে তীরে উঠে আসতে পারলেও শান্ত পানির স্রোতে তলিয়ে যায় এবং এখনো নিখোঁজ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘শান্ত নিখোঁজ হওয়ার পর প্রায় দুই ঘণ্টা পার হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত (প্রতিবেদন লেখা পর্যন্ত) ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। বর্তমানে স্থানীয় ডুবুরিরা নিজ দায়িত্বে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছেন।’

‎বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো: ফারুক বলেন, ‘বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আমাদের জানানো হয়। সিলেট থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত তারা পৌঁছায়নি। আশা করছি ২০-২৫ মিনিটের মধ্যে পৌঁছাবে।’

‎তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয়। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন, তবে সফল হননি। ডুবুরি দল এলে উদ্ধার অভিযান শুরু হবে।’

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক মো: মোখলেসুর রহমান বলেন, ‘আধা ঘণ্টা আগে আমরা জানতে পেরে জেলা পরিষদ থেকে ডুবুরি পাঠানোর চেষ্টা করছি। একইসাথে গোয়াইনঘাটের যে ইউএনও, আমাদের ছাত্র রতন অধিকারীকে রিকোয়েস্ট করেছি স্থানীয় ডুবুরি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টার করার জন্য। সে তার তৎপরতা চালাচ্ছে। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনকে সাথে নিয়ে কাজে করার চেষ্টা করছি।’