জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তের পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আল্টিমেটামে প্রশাসনিক ভবনের তালা খুলে দিলো আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রোববার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিসির সাথে আলোচনা শেষে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন তারা। এর আগে সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে দেয় আন্দোলনকারীরা। এসময় প্রশাসনিক ভবনের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখা হয়।
অবরোধ শেষে অর্থনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী নাজিহা নাওয়ার বলেন, ‘আমরা আমাদের ছয়টি দাবিতেই অনড় রয়েছি। আমাদের ছয়টি দাবির মধ্যে শেষের চারটি দাবি সময়সাপেক্ষ হলেও প্রথম দুটি স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব। এজন্য আমরা প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় দিয়েছি। ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসনকে অভিযুক্তের পরিচয় শনাক্ত করতে হবে এবং এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে।’
ইতিহাস বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ‘আমাদের প্রশাসনিক ভবন অবরোধের উদ্দেশ্য ছিল যাতে ভিসি স্যার এসে আমাদেরকে এই ঘটনার অগ্রগতি সম্পর্কে জানান। আমরা স্যারের সাথে কথা বলেছি, আমাদের দাবিগুলো জানিয়েছি এবং ৭২ ঘণ্টা সময় দিয়ে আমরা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছি।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমি শিক্ষার্থীদের দাবিগুলোর সাথে একমত। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার বিষয়টি সম্পূর্ণ তদন্ত কমিটির ওপর। তবে আমরা চেষ্টা করবো দ্রুত এই সমস্যাগুলো সমাধান করার জন্য।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মে) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়।



