কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আয়োজিত চলমান আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অ্যাথলেটিক দল।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যতম বড় এ প্রতিযোগিতায় দলটির অনুপস্থিতির পেছনে তহবিল সঙ্কটকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে প্রশাসনিক সূত্র থেকে জানা যায়, তহবিল সঙ্কট নয়। জনবল পাঠানোর মতো অবস্থান না থাকায় অংশ নেয়নি নোবিপ্রবি।
চলমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ৪ মে থেকে ৬ মে পর্যন্ত তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। যেখানে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস এবং বাস্কেটবল দল অংশ নিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্ট থাকছে যা শেষ হবে ৬ মে।
কিন্তু এ প্রতিযোগিতায় অংশ নেয়নি নোবিপ্রবি। এতে করে হতাশায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াপ্রেমীরা। বিশেষ করে অ্যাথলেটিক্সে নিয়মিত অংশ নেয়া শিক্ষার্থীরা।
এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অ্যাথলেটিক্স নিয়ে আমার আগ্রহ কলেজ জীবন থেকেই। আন্তঃকলেজ প্রতিযোগিতায় ১৫০০ মিটার স্প্রিন্টে ১২৮টি কলেজের মধ্যে স্থান পেয়েছিলাম। বিশ্ববিদ্যালয়েও আন্তঃবিভাগ প্রতিযোগিতায় নিয়মিত ভালো করেছি। কিন্তু আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি পদক জেতা সব অ্যাথলেটের স্বপ্ন হলেও, আমাদের বিশ্ববিদ্যালয় তহবিলের অভাবে অংশগ্রহণই করে না এর চেয়ে কষ্টের আর কী হতে পারে?’
তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার অবকাঠামোও অত্যন্ত দুর্বল। ২০ বছর পার হলেও এখানে কোনো জিমনেসিয়াম নেই, নেই একটি ইনডোর স্টেডিয়ামও। প্রশাসন এ খাতে কখনোই যথাযথ গুরুত্ব দেয়নি।’
নোবিপ্রবির শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক নাজমুন নাহার বিউটি বলেন, ‘আমরা চারটি ইভেন্টের জন্য আবেদন করেছিলাম। সেখানে প্রশাসন থেকে তিনটির অনুমোদন দেয়া হয়। প্রশাসনের অনুমোদন এবং বাজেট না থাকায় আমরা প্রতিযোগিতায় অংশ নিতে পারিনি।’
নোবিপ্রবির শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক সঞ্জিব কুমার দে বলেন, ‘আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার ব্যাপারে খুব অল্প সময়ের মধ্যে আমাদের জানানো হয়। বিশ্ববিদ্যালয়ে অন্য খেলাই চলছে, এ কারণে পর্যাপ্ত সময় না থাকায় আমরা অনুশীলন করাতে পারিনি। তাই এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় আমরা অংশ নিতে পারিনি।’



