সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাদের বহিষ্কার দাবি ডুজার

অভিযোগপত্রে মোট ১২ জন হামলাকারীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, আবাসিক হল, রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছে।

ঢাবি প্রতিনিধি
রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও সনদপত্র বাতিলের দাবিতে ভিসি বরাবর অভিযোগ পত্র জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

শুক্রবার ভিসি অফিস সংলগ্ন আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাস রুমে অভিযোগ পত্র জমা দেন তারা।

অভিযোগপত্রে মোট ১২ জন হামলাকারীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, আবাসিক হল, রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক সমিতির দাবিসমূহ হলো- হামলায় জড়িত সকল শিক্ষার্থীকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং তদন্ত সাপেক্ষে তাদের স্থায়ী বহিষ্কার নিশ্চিত করতে হবে; যে সকল হামলাকারীর ছাত্রত্ব শেষ হয়েছে (স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন) তদন্তসাপেক্ষে তাদের সনদপত্র বাতিল করতে হবে এবং উল্লিখিতদের বাইরে হামলায় আরো বেশ কয়েকজন জড়িত ছিল। তাদের পরিচয় শনাক্ত করে তাদেরও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে।

এ সময় ভিসি অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি এ ঘটনার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। তাৎক্ষণিকভাবে দুটি কমিটি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।