আলিম পরীক্ষা ২ জুলাই শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই বৃহস্পতিবার ‘কুরআন মাজিদ’ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে আলিম পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় (সৃজনশীল ও বহুনির্বাচনী) পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

নয়া দিগন্ত অনলাইন
মাদরাসা শিক্ষাবোর্ড
মাদরাসা শিক্ষাবোর্ড |নয়া দিগন্ত গ্রাফিক্স

চলতি বছরের আলিম পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে।

শনিবার (২ মে) মাদরাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই বৃহস্পতিবার ‘কুরআন মাজিদ’ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে আলিম পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় (সৃজনশীল ও বহুনির্বাচনী) পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

এরপর ৯ থেকে ১৪ আগস্টের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে বোর্ডে পাঠানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

বোর্ডের বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও কোনো প্রকার প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন পরীক্ষা কেন্দ্রে আনতে পারবে না। শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগাযোগের প্রয়োজনে একটি নন-অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

এতে আরো বলা হয়েছে, পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ মাদরাসা থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করবেন। তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক-প্রতিটি অংশে পরীক্ষার্থীকে পৃথকভাবে পাস করতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ বিশেষ প্রয়োজনে এ সময়সূচি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাসস