নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হজরত বিবি খাদিজা হলে অশ্লীল চিত্রাঙ্কনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজরত বিবি খাদিজা হলে বুধবার দেয়ালে ছাত্রীদের অশ্লীল চিত্রাঙ্কনের ঘটনার প্রকৃত সূত্র ও সত্যতা উদঘাটনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী এ কমিটি গঠন করেন।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও হজরত বিবি খাদিজা হলের সহকারী প্রভোস্ট ড. নাহিদ সুলতানাকে আহ্বায়ক করা হয়। সহকারী প্রভোস্ট নাজমুন নাহার সদস্য ও তাসনীম আলমকে সদস্য সচিব করা হয়।
কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, বুধবার বিবি খাদিজা হলে ছাত্রীদের অশ্লীল চিত্রাঙ্কন করা হয়। এ ঘটনার জন্য ছাত্রীরা নির্মাণ শ্রমিকদের দায়ী করে তাদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন।



