জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাবি
ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাবি |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত কর্তৃক এক শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো: সোহেল রানাকে সভাপতি করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি প্রশাসনিক সভায় এই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আখতার, দর্শন বিভাগের অধ্যাপক মো: জাকির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো: কামরুজ্জামান এবং দর্শন বিভাগের অধ্যাপক মো: জহির রায়হান। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উচ্চ শিক্ষা ও বৃত্তির ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ মে (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের ওই নারী শিক্ষার্থী বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টা ও প্রাণনাশ চেষ্টার শিকার হন। এই ন্যাক্কারজনক ঘটনায় দায়ভার নিরূপণ এবং সংশ্লিষ্ট দফতর বা ব্যক্তির নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্যই এই কমিটি গঠন করা হলো। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।