ঢাবি অধ্যাপক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের মৃত্যু এবং এ ঘটনায় ড. সুদীপের গ্রেফতারকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী
অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী |ইন্টারনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে সব ধরনের একাডেমিক দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। বিভাগীয় শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের মৃত্যু এবং এ ঘটনায় ড. সুদীপের গ্রেফতারকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার বিভাগটির চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগের ২০২৪ সনের এমএ দ্বিতীয় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী মুনিরা মেহজাবিন অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের সবাইকে শোকে স্তব্ধ করে দিয়ে চলে গেছেন। ওই ঘটনার পর বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হন। মামলা হওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ২৬ এপ্রিল তারিখ বিশেষ একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় যে, আইন প্রক্রিয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম, ক্লাস এবং সব পরীক্ষা কমিটি থেকে ড. সুদীপ চক্রবর্তীকে অব্যাহতি দেয়া হলো।

উল্লেখ্য, গত রোববার (২৬ এপ্রিল) রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসায় ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া...।’