ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দেশের অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা আবারো জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অনন্য গৌরব ও সম্মাননা অর্জন করেছে। একইসাথে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন কৃতী শিক্ষার্থী অনার্স, ফাজিল ও কামিল স্তরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর স্বীকৃতি ও বিশেষ শিক্ষাবৃত্তি লাভ করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের উপস্থিতিতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার পক্ষে এই গৌরবময় রাষ্ট্রীয় সম্মাননা ও সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কৃতিত্বের স্বাক্ষর রেখে আমন্ত্রিত অতিথিদের নিকট থেকে সম্মাননা স্মারক ও শিক্ষাবৃত্তি সনদ গ্রহণ করেন মিল্লাতের কৃতী শিক্ষার্থীরা। চার বছর মেয়াদী অনার্স স্তরে সিরাজাম মুনিরা ফারিহা, রাফিয়া হাসান জিনাত ও তাসনিম তাবাসসুম। তিন বছর মেয়াদী ফাজিল স্তরে আব্দুল্লাহ মুয়াজ। দুই বছর মেয়াদী কামিল স্তরে হুমায়রা বুশরা নূর।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে যে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, তাই একটি জাতিকে প্রকৃত উন্নত নাগরিক উপহার দিতে পারে। তা’মীরুল মিল্লাত সেই আদর্শিক শিক্ষার আলো ছড়িয়ে দেশ গঠনে অনন্য ভূমিকা পালন করছে।’



