ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ব্যবহৃত ২১৭ নম্বর কক্ষ পুনরায় বরাদ্দের দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা।
বুধবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে ভিসির অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ মীর মশাররফ হোসেন ভবনে স্থানান্তরিত হওয়ার পর থেকেই ২১৭ নম্বর কক্ষে নিয়মিত ক্লাস করে আসছেন বিভাগটির শিক্ষার্থীরা। কিন্তু তাদের কথা বিবেচনা না করেই কক্ষটিকে বিশ্ববিদ্যালয়ের মাল্টি-সেন্সর রুম হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। অথচ বিভাগে আগে থেকেই শ্রেণিকক্ষের সঙ্কট ছিল, যা বর্তমানে আরো প্রকট আকার ধারণ করেছে।
এভাবে চলতে থাকলে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ব্যাহত হবে এবং শিক্ষার্থীরা সেশনজটের মুখোমুখি হতে পারেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
শিক্ষার্থীরা বলেন, বর্তমানে বিভাগে ছয়টি ব্যাচের ক্লাস চললেও শ্রেণিকক্ষ আছে মাত্র তিনটি। ফলে একসাথে সব ব্যাচের ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। তিনটি ব্যাচের ক্লাস চলার সময় অন্য তিনটি ব্যাচকে অপেক্ষা করতে হয়। এমন অবস্থায় ২১৭ নম্বর কক্ষটিও হারালে বিভাগ পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তাই কক্ষটি পুনরায় বরাদ্দ দেয়া না হলে অন্তত একটি বিকল্প শ্রেণিকক্ষ বরাদ্দ দিতে হবে।
এ ছাড়া বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ২১৭ নম্বর কক্ষে ক্লাস চালিয়ে যাওয়ার অনুমতি দেয়ারও দাবি জানান তারা।



