দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে “বকরা ঈদের প্রীতিভোজ” আয়োজন করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেসে অবস্থানরত দেশী-বিদেশী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আনসার সদস্যসহ বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে এ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। অমুসলিম ও ছাত্রীদের জন্য পৃথক ব্যবস্থাও রাখা হবে বলে জানানো হয়েছে।
প্রীতিভোজ উপলক্ষে ইতোমধ্যে দুটি গরু ও দুটি খাসি কেনা হয়েছে। আয়োজকরা জানান, অনুষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার যেসব মানুষ কোরবানি দিতে পারেননি বা যাদের সামর্থ্য নেই, তাদের মধ্যেও কোরবানির মাংস বিতরণ করা হবে।
এ বিষয়ে রেজওয়ানুল হক বলেন, “ত্যাগ ও কোরবানির মহান আদর্শ নিয়েই পবিত্র ঈদুল আজহা আসে। এই শিক্ষা মানুষকে হিংসা, বিদ্বেষ, লোভ ও পাপ-পঙ্কিলতা থেকে দূরে থাকার অনুপ্রেরণা দেয়।”
তিনি আরো বলেন, “প্রতিবছর ঈদের সময় অনেক শিক্ষার্থী পরীক্ষা বা অন্যান্য কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে না। আমরা তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই প্রীতিভোজের আয়োজন করেছি।”



