বেসরকারি শিক্ষকদের বদলি শিগগিরই : শিক্ষামন্ত্রী

বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষকদের বদলি করা হবে। সবকিছু প্রস্তুত করেছি, এখন কমিটিগুলো হচ্ছে, বদলি শিগগিরই করব।

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন |ইউএনবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষকদের বদলি শিগগিরই চালু করা হবে। সবকিছু প্রস্তুত করা হয়েছে, এখন কমিটিগুলো হচ্ছে। তারপর বদলি শুরু হবে।

শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

মন্ত্রী বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষকদের বদলি করা হবে। সবকিছু প্রস্তুত করেছি, এখন কমিটিগুলো হচ্ছে, বদলি শিগগিরই করব। চাকরির বিধিমালায় যে শর্তগুলো রয়েছে, সেগুলো দিয়েই তাদের যোগদান করানো হবে বলেও জানান তিনি।

আয়োজিত খেলায় বালকদের মধ্যে ফাইনালে কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্দিষ্ট সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে জয় লাভ করে কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া বালিকাদের মধ্যে ১-০ গোলে শিলাস্থান প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বিজয়ী হয়।

শিক্ষামন্ত্রী তার স্ত্রী নাজমুন নাহার বেবী ও মেয়ে তানজিনা নাহার হককে নিয়ে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা মোসাদ্দেক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর প্রধানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি