বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিকৃবিতে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

‘পরিবেশ রক্ষায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান— সকল পর্যায়ে সচেতনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।’

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, (ডানে) বৃক্ষরোপণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, (ডানে) বৃক্ষরোপণ |নয়া দিগন্ত

সিকৃবি প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জুলাই-৩৬ গেট সংলগ্ন সড়কের পাশে নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আলিমুল ইসলাম।

তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময়ই পরিবেশবান্ধব নীতি ও কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে খাল পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এসব কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।’

ভিসি বলেন, ‘পরিবেশ রক্ষায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান— সকল পর্যায়ে সচেতনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত পরিবেশবান্ধব কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি মিতব্যয়ী ও সংযমী জীবনযাপনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের আহ্বান জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আইকিউএসি সেলের পরিচালক অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শাহজাহান মজুমদার, ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডা: মো: রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক খসরু মোহাম্মদ সালাউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম ও কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অসীম সিকদার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।