ইবিতে জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচি শুরু

জুলাই শহীদদের আত্মত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধারণ করার জন্য লাল ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

Location :

Kushtia
জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন |নয়া দিগন্ত

ইবি প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে লাল ব্যাজ ধারণের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

ভিসি বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের আন্দোলনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। সেই শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। জুলাই শহীদদের আত্মত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধারণ করার জন্য আজ আনুষ্ঠানিকভাবে লাল ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করা হলো।’

আগামী ৫ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ লাল ব্যাজ ধারণ করবেন।

তিনি আরো বলেন, ‘এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় আরো কিছু কর্মসূচি নিয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তার হাত দিয়েই জুলাই শহীদদের স্মৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষে আমরা একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করব এবং তাদের স্মরণে একটি স্মৃতি ভাস্কর্য নির্মাণ করা হবে।’

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মনজুরুল হক। এছাড়াও জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: আব্দুস শাহীদ মিয়া, সদস্য সচিব ড. মো: আসাদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা লাল ব্যাজ ধারণ করে কর্মসূচিতে অংশ নেন।