সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিকের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে বিছনাকান্দি জিরো পয়েন্ট এলাকা থেকে ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিভাগের সহপাঠীদের সাথে ট্যুরে গিয়ে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরে বিছনাকান্দিতে যান। সেখানে কয়েকজন সহপাঠীর সাথে পানিতে নামার পর হঠাৎ স্রোতে তলিয়ে যান শান্ত। পরে স্থানীয়রা ও সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে কয়েক ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক মো: মোখলেসুর রহমান বলেন, ‘শান্তর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। যেহেতু তাদের বাড়ি ঠাকুরগাঁওয়ে, যা সিলেট থেকে অনেক দূরে, তাই আপাতত তাদের এখানে আসতে বলা হয়নি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই লাশ বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।’
তিনি আরো বলেন, ‘এখন স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মৃত্যুসনদ নেয়া হবে। এরপর থানার কিছু প্রক্রিয়া রয়েছে, সেগুলোও সম্পন্ন করা হবে। লাশের সুরতহাল না করার জন্য আমি অনুরোধ করেছি। বিশ্ববিদ্যালয় পুরো বিষয়টির দায়িত্ব নিচ্ছে। প্রথমে লাশ ক্যাম্পাসে আনা হবে, পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ঠাকুরগাঁওয়ে পাঠানোর ব্যবস্থা করা হবে।’



