নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানীর সাথে ইরাসমাস প্লাস মোবিলিটি কর্মসূচির আওতায় নোবিপ্রবি সফররত তুরস্কের সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নোবিপবি ভিসির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রতিনিধিদলের সদস্যদের নোবিপ্রবিতে স্বাগত জানান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভিসি বলেন, ‘এ মোবিলিটি কর্মসূচির আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক ও পেশাগত জ্ঞান দেয়া-নেয়া সহজ হবে বলে আমি মনে করি। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ পাবে।’
এ সময় উভয় প্রতিষ্ঠানের বিদ্যমান সম্পর্ককে আরো সুদৃঢ় করতে এবং শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ, গবেষণা ও অন্য অ্যাকাডেমিক কার্যক্রমে সহযোগিতার সুযোগ সৃষ্টিতে এ কর্মসূচি অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন ভিসি।
সাক্ষাৎকালে অন্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান সিদ্দিকী, নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: শিবলুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
উল্লেখ্য, নোবিপ্রবিতে সফররত সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রতিনিধিদলের সদস্যরা হলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলমান হিজাল, ছাত্র পরামর্শ বিভাগের প্রধান জনাব হাসান তুর্ক ও সহকারী অধ্যাপক ড. এ এফ এম শোয়াইব আখতার।
প্রতিনিধিদলের সদস্যরা নোবিপ্রবিতে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন ও মোবিলিটি কার্যক্রম সফলভাবে সম্পন্নের স্বীকৃতিস্বরূপ নোবিপ্রবির পক্ষ থেকে তাদের সনদ দেয়া হয়।



