১৫ টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

রাষ্ট্রীয় সম্পদ ও জনবলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের কাছে শিক্ষার্থী শূন্যতার কারণ ব্যাখ্যা ও শিক্ষক-কর্মচারীদের কাজের তথ্য চাওয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কারিগরি শিক্ষা অধিদফতর
কারিগরি শিক্ষা অধিদফতর |সংগৃহীত

দেশের ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে দ্বিতীয় শিফটে কোনো শিক্ষার্থী না থাকায় ব্যাখ্যা তলব করেছে কারিগরি শিক্ষা অধিদফতর।

রাষ্ট্রীয় সম্পদ ও জনবলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের কাছে শিক্ষার্থী শূন্যতার কারণ ব্যাখ্যা ও শিক্ষক-কর্মচারীদের কাজের তথ্য চাওয়া হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদফতরের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, অনলাইনে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বর্তমানে দ্বিতীয় শিফটে কোনো শিক্ষার্থী অধ্যয়নরত নেই। দ্বিতীয় শিফটে শিক্ষার্থী না থাকার কারণ উদ্ঘাটন করে সমাধান এবং জনবলসহ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

পরিস্থিতির সমাধান ও সার্বিক অবস্থা মূল্যায়নে সংশ্লিষ্ট অধ্যক্ষদের তিনটি বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। এরমধ্যে-

এক. দ্বিতীয় শিফটে শিক্ষার্থী ভর্তি না হওয়ার কারণ এবং এর সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা।

দুই. শিক্ষার্থী ভর্তির জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তার বিস্তারিত প্রমাণসহ তথ্য।

তিন. দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা বর্তমানে কী ধরনের দায়িত্ব পালন করছেন তার প্রমাণকসহ বিবরণ।

চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে এসব বিষয়ে মতামত ও প্রয়োজনীয় তথ্যাদি কারিগরি শিক্ষা অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।

তলব করা প্রতিষ্ঠানগুলো হলো মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বরগুনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। বাসস