বরিশালে শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে সারাদেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা

‘আগামী দিনে সারাদেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে। তাতে বোর্ডভিত্তিক প্রশ্নের বিভিন্ন মানের কারণে কোনো শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে না।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন |নয়া দিগন্ত

আগামী দিনে সারাদেশে একক প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেইসাথে তিনি বলেন, ‘শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষার মান উন্নয়ন করতে পারলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে।’

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় আমার উপাসনালয়, সদকায়ে জারিয়াহর ইবাদতখানা হিসেবে আমি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে হবে। তাহলে আমরা পুরো পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবো।’

ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘আগামী দিনে সারাদেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে। তাতে বোর্ডভিত্তিক প্রশ্নের বিভিন্ন মানের কারণে কোনো শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা না থাকলে মন্ত্রণালয়ের খরচে ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যয় বহন করবে। এমসিকিউ পরীক্ষার পুরো সময় ফুটেজ সংরক্ষণ করতে হবে।’

এবিষয়ে উপস্থিত শিক্ষকরা ইতিবাচক মতামত দেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকরা (পিডিরা) চালাকি করে পার পাবেন না। আমাদেরকে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ নীতিতে যেতেই হবে। আমরা আশাবাদী যে, প্রধানমন্ত্রী বলেছেন- আগামীতে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে প্রদান করা হবে।’

তিনি বলেন, ‘কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পাশের হার শূন্য হলেও এমপিও বাতিল হবে না, তবে এই সুযোগ শুধু এবারের জন্যই। এটা বাস্তবায়নের জন্য পড়ালেখার মান উন্নয়নে শিক্ষকদেরকে ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘শিক্ষার্থীরা আন্তর্জাতিক কমিউনিটির অংশ। বৈশ্বিক মেধা ও প্রযুক্তির সাথে যোগাযোগ ও দক্ষতা অর্জন করতে না পারলে দেশ ও জাতি পিছিয়ে পড়বে।’

জুলাই অভ্যুত্থানে পরাজিত সরকার শিক্ষক কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের সাত হাজার কোটি টাকা লোপাট করেছে, তাই শিক্ষকরা তাদের অধিকার বঞ্চিত হয়েছেন।

এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।

বক্তব্য রাখেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: তৌফিক আলম, বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: রুহুল আমিন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো: নুরুল হক।