দেশের ইসলামী শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, মানসম্মত ও সমন্বিত রূপ দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ইতমিনান বোর্ড বাংলাদেশ। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ইসলামী শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুযায়ীও পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আগামী ২৯ জুলাই (বুধবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল গ্রেড- এই দুই বিভাগে সম্মাননা প্রদান করা হবে। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা-উদ্যোক্তা এবং দেশের বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন।
ইতমিনান বোর্ড বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষক প্রশিক্ষণ, মানসম্মত পাঠ্যক্রম প্রণয়ন, বৃত্তি পরীক্ষা, শিক্ষা মূল্যায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। বোর্ডের লক্ষ্য হলো- এমন একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির মধ্যেই সাধারণ শিক্ষার পাশাপাশি হিফজুল কোরআন সম্পন্ন করতে পারবে এবং ষষ্ঠ শ্রেণি থেকে কওমি ও জাতীয় শিক্ষাক্রমের সমন্বয়ে উচ্চতর শিক্ষার সুযোগ লাভ করবে।
ইতমিনান বোর্ড বাংলাদেশের প্রধান মাওলানা মুফতি মুসা খান বলেন, ভবিষ্যতে দেশের আরো অধিকসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে এ শিক্ষাব্যবস্থার আওতায় আনা, প্রযুক্তিনির্ভর মূল্যায়ন ব্যবস্থা চালু করা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের আদর্শবান, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ইতমিনান বোর্ড বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ একইসাথে তিনি অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামি চিন্তাবিদ, শিক্ষা-উদ্যোক্তা, বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থাকবেন।



