এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

‘চলতি বছর নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট নয় হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।’

নয়া দিগন্ত অনলাইন
সিলেট নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা
সিলেট নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা |নয়া দিগন্ত

দেশজুড়ে নিরাপত্তা, শতভাগ সিসিটিভি নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্য দিয়ে প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে এ বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রথম দিনের এ পরীক্ষা দেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

প্রথম দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র (আবশ্যিক), মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হয়।

কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের গুজব এবং অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট নয় হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

তথ্য অনুযায়ী, এবারো মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছয় লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ছয় লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ, ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এবার দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হচ্ছে। আগে আলাদা প্রশ্নে বোর্ডভিত্তিক এইচএসসি পরীক্ষা নেয়া হতো।

ঢাকা শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, নয়টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত এ পরীক্ষা প্রথম দিনেই সফলভাবে সম্পন্ন হয়েছে। একইসাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষা-সংক্রান্ত এক পরিসংখ্যানে বলা হয়েছে, নয়টি সাধারণ বোর্ডে এক হাজার ৬২০টি কেন্দ্রে মোট আট লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে আট লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর মাত্র দুই শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে ৮০ হাজার ৬৫৩ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সব বোর্ড মিলিয়ে প্রথম দিনে সার্বিক পরীক্ষার পরিবেশ ছিল সন্তোষজনক। তবে অসদুপায় অবলম্বনের দায়ে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে দায়িত্ব অবহেলার কারণে এদিন কোনো পরিদর্শক বহিষ্কার হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা নকলমুক্ত ও স্বচ্ছ রাখতে এবার মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় ‘সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল’ খোলা হয়েছে, যার মাধ্যমে ঢাকার কন্ট্রোল রুম থেকে দেশের যেকোনো প্রান্তের কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে ‘বডি ওর্ন ক্যামেরা’র (শরীরে পরিহিত) বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে অনাকাঙ্ক্ষিত যানজট এড়াতে পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র সুরক্ষায় সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রশ্ন ছড়ানো বা ফাঁসের চেষ্টা রুখতে সাইবার টিম সার্বক্ষণিক কাজ করছে।

মোট ৭৭টি বিষয়ে ২১ দিনব্যাপী এই লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে, ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষা না থাকার দিনগুলোতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে। বাসস