জাবিতে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন

৫৩ তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া শশী বলেন, গত মঙ্গলবার যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, সেটি এখন শুধু ক্যাম্পাসেই নয়, সারাদেশেই আলোচিত। এই ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে শঙ্কিত করেছে। আমরা দূর-দূরান্ত থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসি একটি নিরাপদ ক্যাম্পাসের আশায়। কিন্তু বর্তমানে আমরা সেই নিরাপত্তা অনুভব করছি না।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবিতে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন
জাবিতে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি এবং ভিসিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেয়া, প্রক্টরের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্তার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২০ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা ধর্ষণচেষ্টার ঘটনায় দ্রুত অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বিচার প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের আহ্বান জানান।

এ সময় ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া শশী বলেন, গত মঙ্গলবার যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, সেটি এখন শুধু ক্যাম্পাসেই নয়, সারাদেশেই আলোচিত। এই ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে শঙ্কিত করেছে। আমরা দূর-দূরান্ত থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসি একটি নিরাপদ ক্যাম্পাসের আশায়। কিন্তু বর্তমানে আমরা সেই নিরাপত্তা অনুভব করছি না। শুধু ধর্ষণচেষ্টাই নয়, ওই শিক্ষার্থীকে হত্যার চেষ্টাও করা হয়েছে। এটি অত্যন্ত ভয়াবহ ও লোমহর্ষক একটি ঘটনা।

তিনি আরো বলেন, এর প্রতিবাদে পরদিন যে মিছিল হয়েছিল, সেখানে আমরা অংশ নিয়েছিলাম। কিন্তু পরে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে।

তিনি বলেন, এতদিন পার হয়ে যাওয়ার পরও সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে শনাক্ত কিংবা এখনো তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কেন আমরা এখনো সুষ্ঠু বিচার পাচ্ছি না, কেন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট অগ্রগতির বার্তা দেয়া হচ্ছে না, এসব বিষয় নিয়ে আমরা শঙ্কিত। আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচার এবং একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানাই।

এছাড়াও ৫১তম ব্যাচের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, গত কয়েকদিন আগে আমাদেরই এক বোন ধর্ষণচেষ্টার শিকার হতে যাচ্ছিলেন। তবে তার সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির কারণে তিনি সেই পরিস্থিতি থেকে ফিরে আসতে সক্ষম হন। দুঃখজনক হলেও সত্য, ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনো অভিযুক্ত দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়নি। এটি দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার ব্যর্থতার বহিঃপ্রকাশ। আমরা দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে ওই ধর্ষণচেষ্টাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা আমাদের মাননীয় ভিসি ও প্রক্টর স্যারের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে, যার তীব্র নিন্দা জানাই। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনের কাছে দাবি জানাই, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে।

উল্লেখ্য, গত ১২মে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।