বুটেক্সে অনুষ্ঠিত হলো আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা ‘টেক্সটাইটেন্স’

অনুষ্ঠানে মোট তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়- পোস্টার প্রদর্শনী, কুইজ ও ট্রেজার হান্ট।

শেফাক মাহমুদ, বুটেক্স

Location :

Dhaka
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত প্রতিযোগিতা
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত প্রতিযোগিতা |নয়া দিগন্ত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সায়েন্স ক্লাবের উদ্যোগে আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা ‘টেক্সটাইটেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোট তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়- পোস্টার প্রদর্শনী, কুইজ ও ট্রেজার হান্ট। প্রথমে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। এরপর বিকেল ৪টা থেকে শুরু হয় পোস্টার প্রদর্শনী পরিদর্শন ও ট্রেজার হান্ট প্রতিযোগিতা। পোস্টার প্রদর্শনী ও ট্রেজার হান্টে প্রতিটি দলে তিনজন এবং কুইজে দু’জন করে শিক্ষার্থী অংশ নেন। পোস্টার প্রদর্শনীতে বিচারক হিসেবে ছিলেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. লামইয়া জহির ও ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শেখ মোহাম্মদ রাফি।

সন্ধ্যা সাড়ে ৭টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এ সময়। পোস্টার প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘র‍্যাটজিলাস’। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয় একই বিভাগের দল ‘ফেব্রিক এক্সপ্রেস’। এছাড়া ট্রেজার হান্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘টেরা ইনকগনিটা’। সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উপস্থাপিত বৈজ্ঞানিক পোস্টার ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীলতা ও গবেষণাধর্মী কাজের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পাঠ্যবইয়ের বাইরে অর্জিত জ্ঞান তাদের কাজের মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আশা করি বুটেক্স সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করবে। শিক্ষার্থীরা নতুন টেক্সটাইল উপকরণ ও যন্ত্রপাতি উদ্ভাবন এবং তেল, গ্যাস ও বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে শিল্পখাতকে এগিয়ে নেয়ার বিষয়ে গবেষণায় মনোনিবেশ করবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: মশিউর রহমান খাঁন। তিনি বলেন, ‘এই আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতার পরিচয় দিয়েছে এবং শিক্ষকরা যথাযথভাবে সেগুলোর মূল্যায়ন করেছেন। এর মাধ্যমে ছাত্র-শিক্ষকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

বুটেক্স সায়েন্স ক্লাবের সভাপতি তাসমিয়া বিনতে ফায়জুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগকে নিয়ে এই আয়োজন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধা ও দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থাপন দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, গবেষণামূলক চিন্তাভাবনা এবং জ্ঞানের গভীরতা প্রকাশ পেয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাবে বুটেক্স সায়েন্স ক্লাব।’

ক্লাবটির সাধারণ সম্পাদক পিয়াস কুমার সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৪৭তম থেকে ৫০তম ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভিন্নধর্মী এই প্রতিযোগিতাগুলো আয়োজনকে আরো প্রাণবন্ত করেছে। একইসাথে ভিসি স্যার ও শিক্ষার্থী কল্যাণ পরিচালক স্যারের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ আয়োজন সফল করায় সংশ্লিষ্ট শিক্ষক ও আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মনোভাব তৈরি হবে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরো এগিয়ে যাবে।