ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পুনঃভর্তির নির্দেশ

‘প্রবিধান ২০১০ ও ২০২২ অনুযায়ী পুনঃভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড |সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের শিক্ষার্থীদের পুনঃভর্তি কার্যক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সরকারি-বেসরকারি সকল টেক্সটাইল প্রতিষ্ঠানের জন্য এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবিধান ২০১০ ও ২০২২ অনুযায়ী পুনঃভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানগুলো প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে ১৪ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বোর্ডের নির্ধারিত অনলাইন লিংকে (http://103.197.207.70:8666/dip_readmission/index.php) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে তথ্য পাঠাতে পারবে।

এরপর আগামী ১ নভেম্বর থেকে ১২ নভেম্বরের মধ্যে বোর্ডের অনুকূলে সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

এতে আরো বলা হয়, আবেদনের শর্তাবলী ও ফি পুনঃভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড, সর্বশেষ পর্বের পরীক্ষার প্রবেশপত্র, নম্বরপত্র ও ফলাফলের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদনকারীদের জন্য শিক্ষার্থী প্রতি ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা প্রতিষ্ঠানের মাধ্যমে একটি মাত্র ব্যাংক ড্রাফটের মাধ্যমে ‘সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড’-এর অনুকূলে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শিক্ষার্থী মূল প্রবিধান অনুযায়ী পুনঃভর্তির যোগ্য না হলে অনলাইন ডেটা পাঠানো হলেও তা বাতিল বলে গণ্য হবে। বাসস