‘লাল ঘুড়িটা বলল ডেকে, নীল ঘুড়িটা ওরে বল নারে ভাই দূর আকাশে, মেঘেরা কেন উড়ে?’কবিতার মতো শৈশবের স্মৃতিকে তুলে ধরতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিকের উদ্যোগে বৈশাখী মেলা ও ঘুড়ি উৎসবের এক ভিন্নধর্মী মেলার আয়োজন হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঘুড়ি উড়ানো এরং রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি,বাঙালির সমাজ সংস্কৃতিকে কেন্দ্র করে বৈশাখের সাজে র্যাম্প শো হয়।
মেলায় তালপাতার পাখা, মুখোশসহ বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন অনুসঙ্গ প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন স্টলে বিক্রি হয়েছে মুখরোচক খাবারসহ দেশীয় হরেক পণ্য।
ববির বাংলা বিভাগের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, ‘ইটপাথরের নগরীতে থাকতে থাকতে যখন আমরা গ্রামের শৈশব ভুলে গিয়েছিলাম। এ আয়োজনের মধ্যদিয়ে আমরা শৈশবের আবহে আনন্দ ফিরে পেয়েছি। গ্রামীণ সমাজ সংস্কৃতি তুলে ধরার এ আয়োজন চমৎকার লেগেছে।’
পদাতিকের সভাপতি ভূমিকা সরকার বলেন, ‘শিক্ষার্থীদের বাঙালি ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে আমাদের এ আয়োজন। আমরা মনে করি, এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি চর্চা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’



