নোবিপ্রবিতে ছাত্রদলের ২ পক্ষের হাতাহাতি

নোবিপ্রবির শান্তিনিকেতন এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল নোবিপ্রবি শাখার ১ নম্বর সহ-সভাপতি মো: আমিনুল ইসলামসহ তার নেতাকর্মীদের সাথে সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেনের হাতাহাতি হয়।

সাজিদ খান, নোবিপ্রবি
ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি
ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুল মালেক উকিল হলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, নোবিপ্রবির শান্তিনিকেতন এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল নোবিপ্রবি শাখার ১ নম্বর সহ-সভাপতি মো: আমিনুল ইসলামসহ তার নেতাকর্মীদের সাথে সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেনের হাতাহাতি হয়। পরে সেখান থেকে আব্দুল মালেক উকিল হলের সামনে এলে পুনরায় ধস্তাধস্তি হতে দেখা যায়। সেখানে ১ নম্বর সহ-সভাপতি আমিনুল ইসলাম হাতের ইশারায় সিনিয়র সহ-সভাপতি মো: সাব্বির হোসেন শান্তকে ক্যাম্পাস থেকে বের করে দেয়ার নির্দেশ দিচ্ছেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে অভিযোগ করে সিনিয়র সহ-সভাপতি মো: সাব্বির হোসেন শান্ত জানান, ভিসিবিরোধী আন্দোলনের ডাক দেয়ার পর থেকেই সংগঠনের একটি অংশ তার বিরুদ্ধে অবস্থান নেয়।

তার দাবি, ভিসির কাছ থেকে টাকা খেয়ে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আমাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়ার চেষ্টা করছেন।

তিনি অভিযোগ করেন, ১ নম্বর সহ-সভাপতি আমিনুল ইসলাম তাকে শারীরিকভাবে আঘাত করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহ-সভাপতি মো: আমিনুল ইসলামের সাথে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

একইভাবে, শাখা ছাত্রদলের সভাপতি মো: জাহিদ হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।