শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা।
রোববার (২৪ মে) বিকেলে ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের প্রত্যাশার বিষয় তুলে ধরেন। তারা আবাসিক হলগুলোতে সিট বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি প্রতিরোধ এবং দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন করে দ্রুত শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের দাবি জানান।
এ সময় শাখা সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, “শিক্ষার্থীবান্ধব, জবাবদিহিমূলক ও কার্যকর প্রশাসন প্রতিষ্ঠায় নবনিযুক্ত ভিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করছি। বিশেষ করে হলের সিট বণ্টনে স্বচ্ছতা ও শাকসু নির্বাচন আয়োজন এখন শিক্ষার্থীদের প্রাণের দাবি।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় প্রয়োজন। আমরা সবসময় শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখতে চাই।”



