দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বৃহস্পতিবার (৩ জুলাই) ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে শিক্ষক ফোরাম জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা অনুদান ব্যবস্থাপনায় এমন একটি পদ্ধতি অনুসরণের উদ্যোগ নেয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক ও আইনগত স্বায়ত্তশাসন, গবেষণা কার্যক্রমের গতি এবং অ্যাকাডেমিক স্বাধীনতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। গবেষণার পরিকল্পনা, অগ্রাধিকার নির্ধারণ, প্রকল্প অনুমোদন ও অর্থ ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাকাডেমিক কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ন রাখা উচ্চশিক্ষার মৌলিক শর্ত বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, গবেষণা তহবিল ব্যবহারে জবাবদিহিতা, স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা প্রয়োজন। তবে সেই প্রক্রিয়া এমন হতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক স্বাধীনতা ও প্রশাসনিক স্বায়ত্তশাসন বিঘ্নিত না হয় এবং গবেষণা কার্যক্রম অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতায় না পড়ে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে, বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, অর্থছাড়ের প্রক্রিয়া সহজীকরণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা আরো শক্তিশালী করা সময়ের দাবি।
বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, গবেষণা বাজেট ব্যবস্থাপনা-সংক্রান্ত কোনো নীতি প্রণয়ন বা পরিবর্তনের আগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি, শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে গঠনমূলক আলোচনা করে এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে, যা একই সাথে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিশ্চিত করবে।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে জাবিতে এ খাতে বরাদ্দ ছিল নয় কোটি ২৩ লাখ টাকা যা মোট বরাদ্দের ২.২৬ শতাংশ। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গবেষণা ও উদ্ভাবন খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। এ খাতের জন্য সরাসরি ইউজিসি থেকে অর্থ প্রদান করা হবে বলে জানা যায়।



