জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
গত মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৩(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগের পর একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির নগর কার্যালয়ে যোগদান করেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তাকে স্বাগত ও অভিনন্দন জানান।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, রেজিস্ট্রার, বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধান, শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের শিক্ষা গবেষণা অঙ্গনের একজন পরিচিত ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর এবং শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া থেকে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কো চেয়ার হিসেবে অনুমোদিত হয়েছেন। উচ্চশিক্ষা ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে বিবেচিত হচ্ছে। তার গবেষণার মূল ক্ষেত্র মানসম্মত শিক্ষা, শিক্ষক পেশাদারিত্ব উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তিনি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের জাতীয় কারিকুলাম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়া আইডিআরসি কানাডা ও জিপিই কিক্সের অর্থায়নে বাংলাদেশ, ভুটান, নেপাল, ভিয়েতনাম ও তিমুর-লেস্তে ‘জেন্ডার ও ইনক্লুসিভ পেডাগোজি’ বিষয়ক পাঁচ বছর মেয়াদি গবেষণা কার্যক্রমে সমন্বয়কারী ও নেতৃত্বের ভূমিকা পালন করেছেন মোহাম্মদ আলী জিন্নাহ।
বিশ্বব্যাংক, ব্রিটিশ কাউন্সিল, জাইকা, সেভ দ্য চিলড্রেনসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অর্থায়নে তিনি একাধিক গবেষণা প্রকল্পে কাজ করেছেন। শিক্ষাক্রম বিশেষজ্ঞ হিসেবে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) শিক্ষাক্রম প্রণয়নেও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।



