শাবিপ্রবির নতুন ভিসি হলেন অধ্যাপক ড. খায়রুল ইসলাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম
অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম।

শনিবার (২৩ মে) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো: খায়রুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা অবসরের পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। একইসাথে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, ‘সরকার আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন সেটির জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বৃহত্তর স্বার্থে আমি সংশ্লিষ্ট সব অংশীজনকে সাথে নিয়ে একসাথে কাজ করতে চাই। এই যাত্রায় আমি সবার দোয়া, আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি।’

উল্লেখ্য, অধ্যাপক ড. খায়রুল ইসলাম বর্তমানে শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি অনুষদের অ্যাকাডেমিক পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ, শিক্ষক নিয়োগ ও উন্নয়ন, বাজেট ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সহযোগিতা কার্যক্রমে নেতৃত্ব দেন।

বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ইরাসমাস কর্মসূচির আওতায় শাবিপ্রবিতে পরিচালিত ‘ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট’ বিষয়ে আন্তর্জাতিক এমবিএ প্রোগ্রাম সফলভাবে সম্পন্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

১৯৭৬ সালে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার কেয়াড়ী পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক ড. খায়রুল ইসলাম। তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্বের জন্য তিনি বিবিএ ও এমবিএ উভয় পর্যায়ে ফ্যাকাল্টি ফার্স্ট হন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিশেষ মেধাবৃত্তি, প্রধানমন্ত্রীর পুরস্কার এবং চ্যান্সেলর স্বর্ণপদক লাভ করেন।

২০০৩ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন ড. খায়রুল ইসলাম। পরবর্তীতে ২০০৪ সালে শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগে যোগ দেন। ধাপে ধাপে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক হয়ে বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

গবেষণাক্ষেত্রেও তিনি সক্রিয়। টেকসই উন্নয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাত নিয়ে তার গবেষণা বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশী-বিদেশী জার্নালে তার ২০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

এছাড়া তিনি যুক্তরাজ্য, পর্তুগাল, সাইপ্রাস, মালয়েশিয়া ও কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। একাধিক আন্তর্জাতিক সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবেও বক্তব্য দিয়েছেন তিনি। সম্প্রতি ইউনিভার্সিটি অব লন্ডন এবং ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের সাঈদ বিজনেস স্কুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নেন।

শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও শিক্ষক সংগঠনের সাথেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন অধ্যাপক ড. খায়রুল ইসলাম। বর্তমানে তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শাবিপ্রবির সাদা দলভিত্তিক শিক্ষক ফোরামের সাথেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন তিনি।