ঘোষিত ঈদের ছুটিতে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা। রোববার (১৭ মে) থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
শনিবার (১৬ মে) বিকেলে ‘বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ’-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭ মে থেকে ৬ জুন পর্যন্ত মোট ১৯ দিনের ছুটির ঘোষণা দেয়া হয়েছিল। গ্রীষ্মকালীন অবকাশ, বুদ্ধপূর্ণিমা ও ঈদুল আজহা উপলক্ষে এই ছুটি নির্ধারিত ছিল।
শিক্ষক সমাজের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ড. মো: মামুন অর রশিদের সাথে শিক্ষকদের এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সার্বিক অগ্রগতির কথা বিবেচনা করে শিক্ষকরা ছুটির মধ্যেও রোববার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালু রাখার যৌথ সিদ্ধান্ত গ্রহণ করেন।



