বহিরাগতদের বহর নিয়ে ইবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল, শিক্ষার্থীদের ক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে শতাধিক বহিরাগতকে নিয়ে ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

Location :

Kushtia
বহিরাগতদের বহর নিয়ে ইবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল, শিক্ষার্থীদের ক্ষোভ
বহিরাগতদের বহর নিয়ে ইবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল, শিক্ষার্থীদের ক্ষোভ |নয়া দিগন্ত

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে শতাধিক বহিরাগতকে নিয়ে ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর ও বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

তবে সরেজমিনে দেখা যায়, মিছিলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের তুলনায় বহিরাগতদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুষ্টিয়া-ঝিনাইদহের শৈলকূপা, মধুপুর, শেরপুর, লক্ষ্মীপুর ও শেখপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এ সময় স্থানীয় কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও মিছিলে উপস্থিত থাকতে দেখা যায়।

মিছিলে অংশ নেয়া একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তারা মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেন এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় শুভেচ্ছা মিছিলে অংশ নিতে এসেছেন।

শেরপুর থেকে আসা এক কর্মী বলেন, ‘আমরা রতন ভাইয়ের ছোট ভাই। রতন ভাই ক্যাম্পাসে ছাত্রদল করেন। আমরা শেরপুর থেকে এসেছি।’

মধুপুর থেকে আসা আরেক কর্মী বলেন, ‘আমি মধুপুর হোদিরন নেসা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছি। বড় ভাইরা ডেকেছেন, তাই আসলাম।’

এদিকে বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিলে উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ। আমাদের নিরাপত্তার জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন পদক্ষেপ। কিন্তু যারা শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করবে, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করবে, তারাই যদি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের সুযোগ করে দেয়, তাহলে আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘ক্যাম্পাসের বাইরে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন। নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতে আবেগের জায়গা থেকেই অনেকে এসেছেন। এটা তো আর নিষেধ করা যায় না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ। তবে আজকের মিছিলে বহিরাগত প্রবেশ করেছে কি না, এ বিষয়ে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলব।’