অষ্টম এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত মৌখিক (ভাইভা) পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন।
শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ‘৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান ভাইভা প্রত্যাশী শিক্ষক সমাজ’।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ১৮ এপ্রিল এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২২ এপ্রিল ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় প্রায় ৩১ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো ভাইভা পরীক্ষার কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি। এতে দেশের বিভিন্ন প্রান্তের হাজারো যোগ্য প্রার্থী অনিশ্চয়তা, মানসিক উদ্বেগ ও পেশাগত সংকটের মধ্যে রয়েছেন।’
বক্তারা জানান, গত ২৮ জুলাই দেশের সব জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ভাইভা গ্রহণের দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।
তাদের দাবি, বর্তমানে দেশের ১২ হাজার ৯৫১টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের বিপুলসংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব পদে দ্রুত নিয়োগ সম্পন্ন হলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধনে অংশ নেয়া প্রার্থীরা দ্রুত ভাইভার সময়সূচি ঘোষণা, মৌখিক পরীক্ষা সম্পন্ন এবং নিয়োগ কার্যক্রম শেষ করার দাবি জানান। একইসাথে শিক্ষাব্যবস্থার স্বার্থে দীর্ঘসূত্রিতা পরিহার করে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ড. মো: এমদাদুল ইসলাম, মো: তারিকুল ইসলাম, মল্লিক আছাদুর রহমান, মোল্লা শহিদুল ইসলাম, ড. মো: শহিদুল ইসলাম, ড. মো: আলমগীর হোসেন, মো: রুহুল আমীন, মো: নজরুল ইসলাম, ফৌজিয়া খানম অশ্রু, মো: হুমায়ুন কবির, মো: কামরুল আহসান, মো: নওশাদ আলম, মো: আমজাদ হোসেন, মো: রফিকুল ইসলাম, মো: শাহজাহান আলী, মো: ফখরুল ইসলাম প্রমুখ।



