সাংবাদিকদের ওপর হামলা, হাবিপ্রবিসাসের বিচার দাবি

শেষে তারা আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন ও ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি করেন।

রাফিউল হুদা, হাবিপ্রবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ঢাবিসাস) সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। একইসাথে ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৪ এপ্রিল) হাবিপ্রবিসাসের সভাপতি তালহা হাসান ও সাধারণ সম্পাদক মো: রাফিউল হুদা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর শাহবাগ থানার এলাকায় দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এক শিক্ষার্থীর ভুয়া স্ক্রিনশর্টকে কেন্দ্র করে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এমন হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।

হাবিপ্রবিসাস নেতারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের দর্পণ। তাদের ওপর হামলা মূলত স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরো বলা হয়, হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায় উদ্বেগ আরো বেড়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান নেতারা।

হাবিপ্রবিসাস নেতারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন বাধাগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শেষে তারা আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন ও ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি করেন।