শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য দু’টি বাস উপহার এবং ক্যাম্পাসে নতুন ইলেকট্রনিক বুথ উদ্বোধন করেছে পূবালী ব্যাংক কতৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে বাসের চাবি হস্তান্তর করেন ব্যাংক কর্তৃপক্ষ। পরে পূবালী ব্যাংকের নতুন ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফয়সাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘আমি পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তারা যে দু’টি বাস বিশ্বিবদ্যালয়কে উপহার হিসেবে দিয়েছেন, সেগুলো পরিবহন সেক্টরকে সমৃদ্ধ করেছে এবং শিক্ষার্থীদের যাতায়াত আরো সহজ করবে।’
ভিসি আরো বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের খুব বেশি ফান্ড বা সম্পদ থাকে না, কিন্তু আমাদের শিক্ষার্থীরাই আমাদের সম্পদ। যারা দেশ-বিদেশে কাজ করে আমাদের দেশকে আরো সমৃদ্ধ করছে।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরিফ, রানা লাইলা হাফিজ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, সিলেটের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান প্রমুখ।



