ডাব্লিউএমএলটিতে অংশ নিচ্ছেন ববির ৯ শিক্ষার্থী

নারী শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত করতে ওই উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফোকাল পারসন হিসেবে কাজ করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো: ফরহাদ উদ্দীন।

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়

গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরির আন্তর্জাতিক উদ্যোগ উইমেন মিডিয়া লিডারস অব টুমরোতে (ডাব্লিউএমএলটি) অংশ নিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নয় নারী শিক্ষার্থী। আগামী ৯-১১ মে মানিকগঞ্জের গণক‍ল‍্যাণ ট্রাস্টে এই গ্লোবাল কনসোর্টিয়ামটি অনুষ্ঠিত হবে।

ইউরোপিয়ান ইউনিয়ন ও ফয়ো মিডিয়া ইনস্টিটিউটের অর্থায়নে আয়োজিত এজাইল প্রজেক্টের এ উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনটি বিশ্ববিদ্যালয় অংশ নেয়ার সুযোগ পেয়েছে।

পরে এ উদ্যোগের অংশ হিসেবে ধারাবাহিকভাবে ছয় মাসে বিভিন্ন সেমিনার, আলোচনা সভা, মাস্টার ক্লাস ও ফিল্ড ট্রিপ আয়োজন করা হবে।

নারী শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত করতে ওই উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফোকাল পারসন হিসেবে কাজ করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো: ফরহাদ উদ্দীন।

তিনি বলেন, ‘নারী শিক্ষার্থীদের গণমাধ্যমে চাকরি করার প্রতি আরো বেশি আকৃষ্ট করতে এবং মিডিয়া এনভায়রনমেন্টকে নারী শিক্ষার্থীদের উপযোগী করে তুলতে আন্তর্জাতিক এ উদ্যোগে আমাদের অংশ করতে পারা সৌভাগ্যের। এ ধরনের এক্সট্রা-কারিকুলাম অ্যাক্টিভিটিজের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা গণমাধ্যমের দক্ষকর্মী হিসেবে কাজ করার জন্য প্রস্তুত হবে।’

তিনি আরো বলেন, ‘তারা মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, প্রযুক্তির ব্যবহার, মিডিয়া কনভারজেন্সের ফলে তাদেরকে কী ধরনের প্রস্তুতি নিতে হবে, সে সব বিষয় এ উদ্যোগ থেকে শিখতে পারবে। যার ফলে আগামী দিনে মিডিয়াতে নেতৃত্ব দেয়ার জন্য তারা গড়ে উঠবে।’