লন্ডনে রাষ্ট্রপতির সাথে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত তাৎক্ষণিক এ সাক্ষাৎকালে ড. কামিল ইদ্রিস বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ এবং রাষ্ট্রপতির সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।’

নয়া দিগন্ত অনলাইন
মো: সাহাবুদ্দিন ও ড. কামিল ইদ্রিসের সাক্ষাৎ
মো: সাহাবুদ্দিন ও ড. কামিল ইদ্রিসের সাক্ষাৎ |সংগৃহীত

যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে আজ সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৬ মে) রাষ্ট্রপতির একান্ত সচিব মো: দিদারুল আলম বঙ্গভবন প্রেস উইংকে জানান, সকালে লন্ডনের হোটেল হিলটনের লবিতে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক এ সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার শিগগিরই আরোগ্য কামনা করেন।

তিনি জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত তাৎক্ষণিক এ সাক্ষাৎকালে ড. কামিল ইদ্রিস বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ এবং রাষ্ট্রপতির সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনও সুদানের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং সুদানের জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক সঙ্কটময় সময়ে ধৈর্য ও বিচক্ষণতার সাথে নেতৃত্ব দেয়ার জন্য রাষ্ট্রপতিকে সাধুবাদ জানান।

তিনি তার দেশে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং বাংলাদেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন সুদানের প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও সুদানের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। বাসস