বাংলাদেশী সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার কাছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চেয়েছে বাংলাদেশ। পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা ও জাকার্তার মধ্যে আলোচনার সময় এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রোববার (৯ আগস্ট) মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সাথে এক বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
আফরোজা খানম বলেন, বাংলাদেশী ভ্রমণকারীদের কাছে ইন্দোনেশিয়া একটি জনপ্রিয় গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভ্রমণকারী বাংলাদেশী সাধারণ পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা নিশ্চিত করাকে সরকার গুরুত্ব দিচ্ছে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সহজতর করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পর্যটন ও আতিথেয়তা খাতে আরো সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করার বিষয়ে ইন্দোনেশিয়ার আগ্রহের কথা জানান।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ইউনিট তৈরির বিষয়টিও সরকার বিবেচনা করছে।’
সাক্ষাতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগ্রহ প্রকাশ করেন।
পাশাপাশি বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
সূত্র : বাসস



