একই অনুষ্ঠানে দুই রাষ্ট্রদূত

ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরো দৃঢ় করছে

‘ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে একত্রিত করার শক্তিশালী মাধ্যম। এটি বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় করতে সহায়তা করে।’

নয়া দিগন্ত অনলাইন
গুলশান ইয়ুথ ক্লাবের কৃত্রিম টার্ফে দুই দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন
গুলশান ইয়ুথ ক্লাবের কৃত্রিম টার্ফে দুই দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন |সংগৃহীত

ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতদ্বয় বলেছেন, ফুটবল শান্তি, ঐক্য ও জাতির মধ্যে বন্ধুত্ব জোরদারের শক্তিশালী মাধ্যম। এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা যোগ করেন, ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে একত্রিত করার শক্তিশালী মাধ্যম। এটি বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় করতে সহায়তা করে।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীতে বাংলাদেশের প্রথম ‘ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক গুলশান ইয়ুথ ক্লাবের কৃত্রিম টার্ফে দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম (এটিজেএফবি) ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্য নিয়ে টুর্নামেন্টটির আয়োজন করেছে। এতে দেশী-বিদেশী ১৬টি এয়ারলাইনস অংশ নিয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার।

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন, ব্রাজিলের মানুষের কাছে ফুটবল শুধু একটি খেলা বা প্রতিযোগিতা নয়; এটি আনন্দ, শান্তি ও সম্প্রীতির প্রতীক।

তিনি বলেন, জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে খেলার প্রকৃত সৌন্দর্য উপভোগে। প্রতিদ্বন্দ্বিতা মাঠেই সীমাবদ্ধ থাকা উচিত।

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে একত্রিত করার শক্তিশালী মাধ্যম। এটি বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় করতে সহায়তা করে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে ফুটবলের বিকাশ অব্যাহত থাকবে এবং এ ধরনের উদ্যোগ তরুণ ফুটবলারদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন, বাংলাদেশে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। দেশের লাখো সমর্থক আবেগ নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা অনুসরণ করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী এয়ারলাইনসগুলো হলো—বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইনস, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইনস, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্ক ওয়ে ওয়েস্ট এয়ারলাইনস ও ফ্লাইদুবাই। বাসস