খাদ্য প্রতিমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, খাদ্য নিরাপত্তা এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

নয়া দিগন্ত অনলাইন
খাদ্য প্রতিমন্ত্রী মো: আব্দুল বারীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলির সাক্ষাৎ
খাদ্য প্রতিমন্ত্রী মো: আব্দুল বারীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলির সাক্ষাৎ |সংগৃহীত

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: আব্দুল বারীর সাথে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, খাদ্য নিরাপত্তা এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

খাদ্য প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের খাদ্য মজুত ও সরবরাহ ব্যবস্থা আরো শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য সংরক্ষণ ও আধুনিক গুদাম ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, সরকার দেশের সকল নাগরিকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এক দিনে এ সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে সকলের সহযোগিতায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান।

বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় ২৮ হাজার বাংলাদেশী শিক্ষার্থী রয়েছে। এ সময় হাইকমিশনার বাংলাদেশে গম রফতানির প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে, সেক্রেটারি (ইকোনমিক) জোসুয়া গেকুটান, খাদ্য সচিব আবু তাহের মো: মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস