বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা দিনেশ ত্রিবেদিকে নিয়োগ দিয়েছে ভারত। বর্তমানে দায়িত্বরত প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন তিনি।
সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, খুব তাড়াতাড়ি তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
ভারতের দ্য হিন্দু পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটে জন্ম হলেও পশ্চিমবঙ্গের সাথে বরাবর তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
অলইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন।
তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।
২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের সরকারে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী, পরবর্তী সময়ে রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপিতে যোগদান করেন।
দিনেশ ত্রিবেদি দুইবার লোকসভার সদস্য আর তিনবার রাজ্যসভার সদস্য ছিলেন।
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভারতে অবস্থানের পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল।
বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এমন এক প্রেক্ষাপটে ঢাকায় দিনেশ ত্রিবেদিকে নতুন হাইকমিশনার নিয়োগ করল ভারত।
সূত্র : বিবিসি



