জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন।
বুধবার (২৪ জুন) সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিগত দুই দশকে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বিস্তার লাভ করেছে। বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দুই দেশের সংসদীয় কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
তিনি বলেন, ‘বর্তমান দুই দেশের মধ্যে কমপ্রিয়েন্সিভ ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনা এগিয়ে চলছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে ইলেক্ট্রনিক পণ্যসমূহের শুল্পমুক্ত আমদানির সুযোগ প্রদান করার মাধ্যমে বাংলাদেশে ইলেক্ট্রনিক ইন্ডাস্ট্রি স্থাপনে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা প্রয়োজন।’
এ সময় স্যামসাংসহ বাংলাদেশে ব্যবসা করছে এমন কোরিয়ান কোম্পানিগুলোর প্রতি আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখায় স্পিকারের মাধ্যমে বাংলাদেশের সরকারকে অনুরোধ জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন।
বর্তমানে কোরিয়ায় কর্মরত বাংলাদেশী শ্রমিকদের কল্যাণে অব্যাহত সহযোগিতা প্রদানের জন্য দক্ষিণ কোরিয়ান সরকারের প্রতি কৃজ্ঞতা জানান স্পিকার। একইসাথে দুই দেশের মধ্যে মানবসম্পদ বিনিময়, আন্তঃসংসদীয় বিদ্যমান সহযোগিতা আরো গভীর বিস্তৃত ও বহুমাত্রিক করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় স্পিকার ভোলায় গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন ও ইউরিয়া সার কারখানা নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তাগণ। বাসস



