গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর গেন্ডারিয়ার লোহারপুল এলাকায় বাসার ভেতরে ছুরিকাঘাতে সিয়াম নামে ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন; তাকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক
গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত
গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত |প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়া থানার কে বি রোড লোহারপুল এলাকার একটি বাসায় ছুরিকাঘাতে মোহাম্মদ সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সিয়াম পল্টনের একটি ট্রাভেলস প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি লোহারপুল এলাকার ৯৭ নম্বর বাসার মন্টু মিয়ার ছেলে।

সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা বড় ভাই মোহাম্মদ পিন্টু বলেন, আমার ভাই পল্টনে একটি ট্রাভেলসে চাকরি করে। আমি অটোরিকশাচালক। রাত ৩টার দিকে বাসায় ফিরে দেখি আমার ছোট ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কাহারা আমার ভাইকে ছুরিআঘাত করেছে- এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।