কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের এলোপাথাড়ি কোপে মো: আল-আমিন সৈকত (৪০) নামের এক সাবেক পৌর কাউন্সিলর নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আল আমিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মরহুম জসীমউদ্দীনের ছেলে। তিনি ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর।
নিহতের শ্যালক মোহাম্মদ বাকিবিল্লাহ জানান, দিবাগত রাত ১২টার দিকে ভৈরবের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে ছিলেন আল-আমিন। পরে অজ্ঞাত পরিচয়ের চার-পাঁচজন হঠাৎ তার ওপর হামলা চালায় এবং ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।



