রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ পলাশ (৩৬) নামে এক প্রাইভেটকার চালক ও স্থানীয় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে সবুজবাগ থানাধীন রাজারবাগ বাজার এলাকার পানির পাম্প-সংলগ্ন একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পলাশ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর সবুজবাগের ৭১ নম্বর মাদারটেকের একটি বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রয়েল, সবুজ ও নাঈমসহ ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত রামদা ও ধারালো অস্ত্র নিয়ে পলাশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার উভয় হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বুকে দু’টি গভীর ছুরিকাঘাত করা হয়। ঘটনাটি ঘটিয়েই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরবর্তী সময়ে প্রতিবেশীরা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।



